দেশের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গতকাল বুধবার সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা অঞ্চল নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠ, ইপিজেড ও কালিয়াজুড়িতে ৫ শতাধিক রোগীকেনিরাপদ দূরত্বে রেখে চিকিৎসা ও ওষুধ দেয়। এই ক্যাম্পের নেতৃত্ব দেন ডা. ক্যাপ্টেন আয়েশা সিদ্দিকী।
৩৫ ফিল্ড অধিনায়ক কর্নেল মো. নাজমুল হুদা খান জানান, বৃহত্তর কুমিল্লার ৬টি জেলায় সেনাবাহিনীর ৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গতকাল উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী করোনা প্রতিরোধ বিষয়ক যৌথ মহড়া দিয়েছে। মহড়ার নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। ক্যাপ্টেন রেদওয়ান আহমেদ বলেন, ‘স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আমাদের সদস্যরা সচেতনতায় মাইকিং এবং নিত্যপণ্য ও ওষুধের দোকানের সামনে নিরাপদ দূরত্বের বৃত্ত এঁকে দেন।’
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার পীরগঞ্জে করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। সৈয়দপুর ক্যান্টনমেন্টের আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন ডা. নাঈমের নেতৃত্বে ২২২ পদাতিক ব্রিগেড এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। অন্যদিকে ক্যাপ্টেন শিহাবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ফার্মেসি ও নিত্যপণ্যের দোকানের সামনে নিরাপদ দূরত্বের রেখা আঁকা হয়।