করোনাভাইরাস পরীক্ষা শুরুর প্রথম দিন গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে (বিএসএমএমইউ) সন্দেহভাজন চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল
আইইডিসিআরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। তিনি জানান, প্রথম দিনের চারটি নমুনাই বেসরকারি হাসপাতাল থেকে এসেছে।
পরীক্ষায় কী ফল এসেছে জানতে চাইলে ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, আমরা রেজাল্ট আইইডিসিআরে দিয়ে দিয়েছি। আগামীকাল (আজ) হয়তো তারা সেটা প্রকাশ করবেন। আমরা চাচ্ছি যেটা নিয়ম করেছেন সেটা মেনে চলতে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো আইইডিসিআর যেন পেশেন্ট ট্র্যাক করতে পারে, কন্টাক্ট ট্রেসিং করতে পারে।
এই বিশেষজ্ঞ জানান, বিএসএমএমইউর গবেষণাগারে একসঙ্গে ৯৩টি নমুনা পরীক্ষা করার সুযোগ আছে। ফল পেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। গতকাল কভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরুর পর সকালে পরিদর্শন করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। তিনি জানান, পরীক্ষার জন্য ২৪০টি কিট রয়েছে। আরও সংগ্রহের প্রক্রিয়া চলছে।
নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে উপাচার্য বলেন, প্রয়োজনে বিএসএমইউতে কভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রয়োজন হলে বেতার ভবনে আইসোলেশন ইউনিট চালু করা হবে। কভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।