করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও বিএনপি রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সারা বিশ্ব আজ উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখে।
আজকের এ সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এ পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব নেতারা যেখানে করোনা পরিস্থিতি নিয়ে একে অন্যের রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেওয়া থেকে বিরত রয়েছে সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে।’
পদ্মা সেতুর কাজের অগ্রগতির কথা জানিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, ‘পদ্মা সেতুর বিদ্যমান কাজের অগ্রগতি উন্নতির দিকে। ইতিমধ্যে ২৭ স্প্যান বসানো হয়েছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ইতিমধ্যে ৪ কিলোমিটারের চেয়েও বেশি দৃশ্যমান হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮.৫০ শতাংশ।’