নমুনা আইইডিসিআরে

ঢাকা মেডিকেলের আইসোলেশনে দুজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুই ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার ভোরে ও মঙ্গলবার রাতে মারা যাওয়া ওই দুজনের পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্র্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের রক্তের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

পরিচালক বলেন, ‘তাদের একজন সোমবার ও অপরজন মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। ওই দুই পুরুষের বয়স ৬৫ ও ৩২ বছর। তাদের মাল্টিপল ডিজিস ছিল। এ ছাড়া তাদের মধ্যে অল্প করোনাভাইরাসের সিনড্রোম ছিল। এ জন্য তাদের হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে একজন ও বুধবার ভোরে একজনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্সসহ সবার বৃহত্তর স্বার্থে ওই দুই ব্যক্তির মৃতদেহ থেকে নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে।’

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘আইইডিসিআর থেকে রিপোর্ট নেগেটিভ এলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর যদি করোনা পজেটিভ আসে তাহলে যথাযথ পদ্ধতিতে লাশ দাফন করা হবে।’