আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

সময় বাড়িয়ে সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত

করোনার ছোবলে স্বাভাবিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করা নিয়ে জাগছে শঙ্কা। আলোচনা চলছে নতুন সূচি নিয়ে। তাতে সুর মিলিয়েছেন মিসবাহ-উল হক। টুর্নামেন্টের সময় বাড়িয়ে সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রধান কোচ।

কভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পিছিয়ে গেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের একটি টেস্ট ম্যাচ। ঝুলছে জুনের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর ও উইন্ডিজের ইংল্যান্ড সফরের ভাগ্য। আগামী বছর লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা থাকলেও প্রেক্ষাপট পাল্টে দিয়েছে করোনাভাইরাস। কদিন আগে টেলিকনফারেন্সে আইসিসির সভায় ক্রিকেটসূচির বদল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পরিস্থিতি বিবেচনায় ২০২১ সাল পার হলেও নতুন সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ। ইন্টারনেট।

‘টুর্নামেন্টের (টেস্ট চ্যাম্পিয়নশিপ) সময় বাড়ানো উচিত, এটা আমার মতামত। ভারসাম্য রেখে আসরটি শেষ করার এটাই একমাত্র উপায়। টুর্নামেন্টের সময় বাড়ানো হলে ম্যাচগুলোর সূচি আবার করা যাবে।’ এর সঙ্গে যোগ করেন মিসবাহ, ‘আমি শুধু চিন্তা করছি, চ্যাম্পিয়নশিপে সব দলকে সমান সুযোগ দিতেই হবে, এমনকি সেটা নতুন সূচি করে হলেও। যখনই ক্রিকেট শুরু হোক, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার চেষ্টায় সব দল যেন সমান সুযোগ পায়। ২০২১-এর পরও টুর্নামেন্টটির সময় বাড়ানো যেতে পারে।’