করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে মোবাইলে কথা বলা ২০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
বৃহস্পতিবার অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদ টেলিযোগাযোগ খাতে করোনাভাইরাসের প্রভাব নিয়ে এক বিবৃতিতে এসব বলেন।
তিনি বলেন, টেলিকম খাত চলমান করোনাভাইরাস মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে। মোবাইল সেবাদাতারা গ্রাহকদের সেবা ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে আশঙ্কা করছে যে, এই প্রবণতা তাদের সামগ্রিক আয়ের ওপর প্রভাব ফেলবে।
বিবৃতিতে তিনি বলেন, মানুষদের চলাচলের সীমাবদ্ধতার কারণে খুচরা পর্যায়ে মোবাইলে টাকা রিচার্জের হার প্রায় ২০ শতাংশ কমেছে। এই সংকটকালে টেলিযোগাযোগকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হলেও দেখা যাচ্ছে যে সরকারি নির্দেশনার বিষয়ে অনেকের ধারণা পরিষ্কার নয়। এতে খুচরা মোবাইল রিচার্জের সেবায় বাধা আসছে। মোবাইলের স্থানীয় দোকান এবং অন্যান্য রিচার্জ আউটলেটগুলো যাতে খোলা রাখা যায়, সে জন্য আইন প্রয়োগকারীদের সহযোগিতা প্রত্যাশা করেছে অ্যামটব।