৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফা সাধারণ ছুটির সময় কারখানা চালু করার বিষয়ে মালিকদের নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে সদস্যদের নির্দেশনা দিয়েছে নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।
সংগঠনটির সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘৪ এপ্রিলের পর থেকে আপনি আপনার কারখানাটি পরিচালনা করবেন কি না, তা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি কারখানা পরিচালনার সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে অবশ্যই করোনাভাইরাসের আক্রমণ থেকে আপনার শ্রমিক ও কর্মকর্তাদের রক্ষা করার জন্য সব স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কারখানা পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকের সব দায়-দায়িত্ব আপনার নিজস্ব রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটিতে থাকবে।’ এতে বলা হয়েছে, যদি কাজের অর্ডার বা ক্রয়াদেশ থাকে, সে ক্ষেত্রে কারখানা কার্যক্রম পরিচালনা করতে সমস্যা নেই। এ বিষয়ে বিকেএমইএর কোনো বিধিনিষেধ নেই। তবে কারখানা পরিচালনার বিষয়টি অবশ্যই আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে হবে। তিনি বলেন, কারখানা খোলা বা বন্ধ যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, সব শ্রমিকের মার্চের বেতন অবশ্যই সময়মতো দিতে হবে। প্রয়োজনে আপনার ব্যাংকের সঙ্গে অগ্রিম যোগাযোগ করে ব্যাংক সহায়তা গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই বেতন দেওয়া নিয়ে ব্যত্যয় ঘটানো যাবে না।