করোনাভাইরাস

সম্ভাব্য দুই টিকার পরীক্ষা শুরু অস্ট্রেলিয়ায়

 

করোনাভাইরাসের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এমন দুটি সম্ভাব্য টিকা বা ভ্যাকসিনের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। পরীক্ষাগারে ট্রায়াল চলছে প্রাণীদের ওপর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালসকে এই পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আশা করা হচ্ছে একটা মাইলফলক হতে পারে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে।

বিবিসি জানাচ্ছে, অস্ট্রেলিয়ার জাতীয় সায়েন্স এজেন্সি ভ্যাকসিনগুলোর কার্যকারিতা ও মানুষের ক্ষেত্রে তা প্রয়োগের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে। 

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন বলছে, এটাই করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন পরীক্ষা হতে যাচ্ছে যেটা কোনো প্রাণীর ওপর প্রয়োগ করা হচ্ছে। গবেষকরা বলছেন, এই ভ্যাকসিন তৈরিতে পুরো বিশ্বের যে সমন্বয় এবং যে গতিতে তা করা হচ্ছে, তা নজিরবিহীন।

কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের ড. রব গ্রেনফেল বলেছেন, আমরা এখন যে অবস্থায় আছি সেখানে পৌঁছাতে এক থেকে দুই বছর সময় লাগে। কিন্তু মাস দুয়েকের মধ্যে আমরা এখানে পৌঁছেছি।

সংস্থাটি বলছে, গত কিছুদিন ধরেই ছোট প্রাণী ও স্তন্যপায়ীদের ওপর ভ্যাকসিনের নানা নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই প্রাণীগুলোর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রমাণিত।

বিজ্ঞানীরা বলছেন, প্রাণীর ওপর পরীক্ষার প্রাথমিক ফলাফল আগামী জুন মাস নাগাদ পাওয়া যেতে পারে। যদি এই পরীক্ষা সফল হয়, তাহলে এটার ক্লিনিক্যাল পরীক্ষা হবে যা করা হবে বিশ্বের অন্য কোনো ল্যাবে। এভাবে বাজারে এই ওষুধ আনার গতিও ত্বরান্বিত হবে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে, একটা টিকা তার পরীক্ষা ও গুণগত মানের পর্যায় উত্তীর্ণ করতে কমপক্ষে ১৮ মাস প্রয়োজন হয়।