করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা লঙ্ঘন করে কুষ্টিয়ার দৌলতপুরে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা। গতকাল বৃহস্পতিবার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচশর বেশি লোক জড়ো করে স্থানীয় চাল ব্যবসায়ীদের দেওয়া চাল বিতরণ করেন তিনি। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা মানা হয়নি বলে একাধিক প্রত্যক্ষদর্শী দেশ রূপান্তরকে জানিয়েছেন। আর ওই চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নিলেও তারা সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
দৌলতপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি বিরাজ হোসেনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী। এতে অন্যদের মধ্যে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মো. আতিয়ার রহমান, দৌলতপুর থানার এসআই আজম এবং দৌলতপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন আমন্ত্রিত কিছু গণমাধ্যমকর্মী।
দৌলতপুর চাল ব্যবসায়ী সমিতির আয়োজনে এই ত্রাণ বিতরণ কর্মসূচি থেকে তারাগুনিয়া এলাকার ৪০০ জন দরিদ্র ব্যক্তির মাঝে মাথাপিছু ৫ কেজি চাল, আধা কেজি তেল, আধা কেজি ডাল ও একটি করে সাবান বিতরণ করা হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
কমিউনিটির মধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব স্থাপনে সরকারি নির্দেশনা মেনে ত্রাণ বিতরণ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি সামাজিক দূরত্ব বজায় রাখার। কিন্তু ত্রাণ বিতরণ শুরু করার পর আর ট্যাকল করা যায়নি। তাছাড়া আপনারা যে ছবি (ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জনসমাগমের) পেয়েছেন, ওই ছবির বিষয়ে তো আর আমার বক্তব্য নেওয়ার কিছু নাই। আপনি বরং এমপি স্যারের সাথে কথা বলেন।’
তবে এ ব্যাপারে জানতে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে খুদেবার্তা দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।