শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার চোষপাড়া সীমান্তে ঘটনাটি ঘটলেও জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার সকালে। স্থানীয়রা জানিয়েছে, নিহত জয়নাল আবেদিন (৩৫) নামে ওই যুবকের বাড়ি উপজেলার জওগাঁও গ্রামে। তিনি দ্বিতীয় বিয়ে করেছেন ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে নিয়মিত শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন।

বুধবার রাতে ওই সীমান্তের ৩৭৯ নম্বর পিলারের কাছাকাছি এলাকা দিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় ওই সীমান্তে টহলে থাকা বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বিএসএফ জয়নালের লাশ ভারতে নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম জানান, সীমান্তে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।