প্রণোদনা প্যাকেজ ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণে প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় গণভবনে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন।

দিনে হাজার নমুনা সংগ্রহের পরামর্শ : গতকাল বৃহস্পতিবারের মধ্যে দেশের প্রত্যেক উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য দুটি করে নমুনা সংগ্রহের ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা সংক্রান্ত নিজেদের বক্তব্যের সংশোধনী দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বেলা ১১টায় সংবাদ সম্মেলনে অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, আজকের (গতকাল) মধ্যে যেন প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করা হয়। এক দিনে অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে আগামীকাল (আজ) যেন সেগুলো পরীক্ষা করা হয়।

পরে রাতে ওই বক্তব্যের সংশোধনী দেয় অধিদপ্তর। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভুলক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্র্তৃক প্রতিটি উপজেলায় দুইটি করে কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। প্রকৃতপক্ষে গত ১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন চিকিৎসক, পেশাজীবী সংগঠন এবং স্বাস্থ্য কর্র্তৃপক্ষের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে এক সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এর ফলে দেশে করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে সঠিক ধারণা সৃষ্টি হবে বলে মত প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত এবং কার্যক্রম গৃহীত হয়। বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহারের নির্দেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালনকালে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল আইইডিসিআরে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংকালে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারাত্মক এ ভাইরাসে আরও ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়াল।’