সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জহিরুল নামে একজন পোশাকশ্রমিক গাজীপুরে সর্দিজ্বর,কাশিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার দাফনকার্যে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামে ঐ পোশাক শ্রমিকের দাফনকার্য শেষে সংশ্লিষ্ট সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয় প্রশাসন।
জহিরুলের পরিবার ও স্থানীয় এলাকাবাসীরা জানান, জহিরুল (২২) দীর্ঘদিন ধরে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় মারা যান।
পরে তার মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর থেকে তার নিজ বাড়ি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার মাহতাবপুর গ্রামে নিয়ে আসা হয়।
এরপরেই তার মরদেহ দাফন করেন স্বজনরা। খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ঐ এলাকায় গিয়ে জহিরুলের বাবা-মা ও যারা গাজীপুর থেকে মরদেহ বাড়ি নিয়ে এসেছেন এবং মরদেহ দাফনকার্যে অংশ নেয়া সংশ্লিষ্ট সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, আমরা মারা যাওয়া ব্যক্তির বিষয়ে ঢাকায় যোগাযোগ করেছি তারা নির্দেশনা দিয়েছেন মরদেহের সাথে সংশ্লিষ্ট সবাইকে আগামী দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ও তাহিরপুর থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। মারা যাওয়া ব্যক্তির স্বজন ও দাফনকার্যে অংশ নেয়া সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।