কুমিল্লা মেঘনা উপজেলায় ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী, শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামে এ হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, শতাধিক কাঁচা-পাকা ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় পার্শ্ববর্তী টিটিরচর গ্রামের সংঘবদ্ধ হামলাকারীরা।
হামলায় ক্ষতিগ্রস্ত মাসুদ রানা জানান, টিটিরচর ৮ নং ওয়ার্ডের ছানা মেম্বার ও শাহজাহানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দা, ছেনি, বল্লম ও লাঠি নিয়ে রামপ্রসাদেরচর গ্রামের আব্দুর সোবাহান মিয়া, আনোয়ার মিস্ত্রি, শেখ মো. মহসিন, আব্দুল আজিজ, অ্যাডভোকেট কামরুজ্জামান ও মো. মকবুলের বাড়িতে হামলা চালায়।
তিনি জানান, এক ঘণ্টা ধরে গ্রামের প্রতিটি ঘরবাড়ি ও দোকান ভাঙচুর করে, ঘরে থাকা লোকজন বাঁধা দিলে তাদের মারধর করে হামলাকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নের চেয়ারম্যান লতিফ সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।
হামলায় ক্ষতিগ্রস্তরা জানান, টিটিরচরের এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রামপ্রসাদেরচর গ্রামে হামলা চালায় টিটিরচর গ্রামের লোকজন।
জানা গেছে, মেঘনা আনছার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রের সঙ্গে এক ছাত্রীকে জড়িয়ে বাজে স্ট্যাটাস দেওয়া হয়। ঘটনাটি গ্রামে জানাজানি হলে টিটিরচরের ওই ছাত্রের বাড়িতে অভিযোগ করে ছাত্রীর অভিভাবক। রামপ্রসাদেরচর গ্রামের আনছার আলী উচ্চ বিদ্যালয়ের আরেক ছাত্র বিষয়টি মেয়ের বা-মাকে জানিয়েছে এমন অভিযোগে গ্রামে হামলা চালানো হয়।
হামলাকারীদের আটক করতে টিটিরচর গ্রামে অভিযান চালানো হয়েছে দেশ রূপান্তরকে জানান মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ। তবে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি বলে জানান তিনি।