পাকিস্তানের করাচি শহরে লকডাউন অমান্য করে নামাজ পড়ানো ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
করাচির লিয়াকতাবাদ এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জুমার নামাজ আদায় করতে স্থানীয় ওই মসজিদে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল। বিষয়টি জানার পর পুলিশ ওই এলাকায় যায় এবং মসজিদের ইমামকে গ্রেপ্তার করে। এ সময় ওই ইমামের উসকানিতে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি সামলাতে না পেরে ইমামকে ছাড়াই ওই স্থান থেকে চলে যায়।
পরবর্তী সময় পুলিশের একটি বড় দল জোরপূর্বক মসজিদ এলাকায় প্রবেশ করে ইমামসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে।
সিন্ধু প্রদেশের সরকারের নির্দেশে করাচিতে তিন ঘণ্টার জন্য লকডাউন জারি করা হয়েছিল। করোনাভাইরাসের বিস্তার রোধে ওই লকডাউন দেওয়া হয়। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সিন্ধু অঞ্চলে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়।
এর আগে গত ২৮ মার্চ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ পড়ানোয় ৪৩ ইমামকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ইমামদের মধ্যে পাঁচজন পাঞ্জাব ও ৩৮ জন সিন্ধু প্রদেশের। গ্রেপ্তার হওয়া ইমামদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি ধারা ১৮৬ (জনসমাবেশ বাতিলে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া), ১৮৮ (আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীকে সহায়তা না করা) এবং ২৬৯ (জীবনের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ঠেকাতে জারি করা বিধিনিষেধ অমান্য করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।