করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে ভারত সরকারের ঘোষিত ‘লকডাউনে’ কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও ৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
শনিবার সকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় তারা দেশে ফেরেন।
ফেরত আসা যাত্রীদের মধ্যে পাঁচজনের দেহে তাপমাত্রা বেশি থাকায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
শুক্রবারও ৮১ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরে আসেন।
কোয়ারেন্টাইনে যাওয়াদের মধ্যে যশোরের একজন, মাগুরার একজন, গোপালগঞ্জের দুইজন এবং খুলনার একজন রয়েছে।
বাকি ৩০ জনের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য হাতে সিল দিয়ে যার যার বাড়িতে পাঠানো হয়েছে।
জানা গেছে, দু’দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনার পর তাদেরকে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত কর্তৃপক্ষ।
বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, বিশেষ ব্যবস্থায় এদিন দেশে ফেরা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, ভারত থেকে আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, কুষ্টিয়া, গোপালগঞ্জ ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
তিনি জানান, তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হয়েছে। স্ব-স্ব জেলায় সেগুলো পাঠিয়ে দেওয়া হবে।