মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের একটি ও মাধবপুরে আরেকটি মণিপুরি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ভানুবিল গ্রামের মণিপুরি সম্প্রদায়ের এক লোক গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তিনি ঢাকায় শিক্ষকতা করেন।
শনিবার সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক ও পুলিশ সদস্যদের নিয়ে ভানুবিল গ্রামে ওই শিক্ষকের বাড়িতে যান। এ সময় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ড্রেস (পিপিই) পরিধান করে চিকিৎসক সৌমিত্র সিংহ ও তার সহযোগী ঘরে প্রবেশ করে তার স্বাস্থ্যপরীক্ষা করেন। তার কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে ও স্বাস্থ্যপরীক্ষা করে জানা যায় তিনি করোনা সংক্রমিত নন। বাড়ি ফিরে নিজের বাড়ি ও মাধবপুরে এক বোনের বাড়িতে অনিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া করায় খাদ্যে কিছুটা বিষক্রিয়া হয়েছে। এ জন্য তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক দেশ রূপান্তরকে বলেন, তিনি করোনাভাইরাস আক্রান্ত নন। তারপরও তাকে নিজ বাড়িতে একটি আলাদা কক্ষে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তার পরিবার ও মাধবপুরে তার বোনের পরিবারকেও সতর্কতা অবলম্বন করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।