ঢাকা মেডিকেলের আইসোলেশনে বৃদ্ধার মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭২ বছর বয়সী এক নারী মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে নিয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএসে থাকতেন। জ্বর বা শাসকষ্ট না থাকলেও ওই নারীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘ওই নারীকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার শ্বাসকষ্ট ছিল ও টেম্পারেচার একটু বেশি ছিল। করোনা সাসপেক্টেড হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সন্ধ্যায় তার নমুনা নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।’

ওই নারীর ছেলে জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। মিরপুর ডিওএইচএস এলাকায় থাকেন তারা। তার মা ১০ বছরেরও বেশি সময় ধরে কিডনি রোগে ভুগছিলেন। এছাড়া ডায়াবেটিস ও বার্ধক্যজনিত সমস্যাও ছিল। এর আগে হার্ট ফাউন্ডেশন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক না থাকায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার জ্বর, শ্বাসকষ্ট ছিল না। তবুও তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। এরপর তাকে শুধু অক্সিজেন দিয়ে রাখা হয়। আর কোনো চিকিৎসা দেওয়া হয়নি। মৃত্যুর ১৫ মিনিট আগেই তার স্যাম্পল নেওয়া হয়। মৃত্যুর আগে মাকে ভালো চিকিৎসা করাতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে ডা. আলাউদ্দিন বলেন, ‘রোগীর মৃত্যুর পর স্বজনরা অনেক কথাই বলে। তবে আমরা তার শ্বাসকষ্ট ও তাপমাত্রা বেশি পেয়েছি। এজন্যই তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।’