হৃদযন্ত্র সুস্থ, দৃষ্টিশক্তি ভালো রাখতে মিষ্টি আলু

সবজি জাতীয় খাবার মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। বিভিন্ন রোগপ্রতিরোগে সহায়ক এই সবজি।

সাদা রঙের চেয়ে লাল আবরণের মিষ্টি আলুতে পুষ্টি উপকরণ তুলনামূলক বেশি। একটি আলুতে আছে ১০০ ক্যালোরি, ২ গ্রাম প্রোটিন, ২২ গ্রাম শ্বেতসার, ৩ গ্রাম আঁশ। এছাড়া ১টি মিষ্টি আলু থেকে প্রতিদিনের চাহিদার ২৬০ ভাগ ভিটামিন এ পাওয়া যায়। ১২.৬ ভাগ ভিটামিন বি৬, ২৮ ভাগ ভিটামিন সি।

মিষ্টি আলুর স্বাস্থ্যগুণ:

১.ইরিটিবেল বাউয়েল সিনড্রোম (আইবিএস) এবং আলসারেটিভ কোলাইটিসের মত পেটের রোগে উপকারী। মিষ্টি আলুর রয়েছে প্রদাহরোধী গুণ।

২.এ সবজি ভিটামিন বি৬-এর একটি ভালো উৎস। এটি আমাদের শরীরে হোমোসাইস্টিন নামের কেমিকেল কমাতে সহায়তা করে। এই কেমিকেল হৃদরোগসহ নানা ধরনের অসুখের অন্যতম কারণ। পটাশিয়াম হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে, কিডনি সুরক্ষায় ও একে কর্মক্ষমতা স্বাভাবিক পর্যায়ে রাখে।

৩.এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া ইলেক্ট্রোলাইট হার্টবিট নিয়মিত রাখে।

৪.মিষ্টি আলু প্রাকৃতিকভাবে মিষ্টি হয়, যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রাকৃতিক চিনি কাজের শক্তি প্রদান করে অবসাদ, ক্লান্তি দূর করে থাকে। মিষ্টি আলুতে প্রাকৃতিকভাবে চিনি থাকলেও তা খুব ধীরে ধীরে রক্তের সঙ্গে মিশে যায়। এতে শরীর শুধু শক্তির নিয়মিত জোগানই পায় না, শরীরে শক্তির ভারসাম্যও বজায় থাকে।

৫.দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হল বিটা-ক্যারটিন। একটি মাঝারি আকৃতির মিষ্টি আলুতে ভিটামিন এ এবং বিটা-ক্যারটিন রয়েছে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে, বিটা ক্যারটিন প্রোসটেট ক্যানসার, কোলন ক্যানসার প্রতিরোধ করে থাকে।

৬.ম্যাগনেসিয়াম স্বাস্থ্যকর রক্ত, হাড়, হার্ট, পেশি এবং স্নায়ু গঠন করতে সাহায্য করে। এছাড়া ম্যাগনেসিয়াম দুশ্চিন্তা দূর করে মন চিন্তা মুক্ত রাখতে সাহায্য করে।