জুমের হাজার হাজার ভিডিও অনলাইনে প্রকাশ্যে

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বসে অফিস করার জন্য জনপ্রিয় হয়ে ওঠা ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম প্রশ্নের মুখে পড়েছে। এর মধ্যে হাজার হাজার ভিডিও প্রকাশ্যে চলে এসেছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, ব্যবসায় প্রতিষ্ঠানের মিটিং, বন্ধুদের মধ্যে আড্ডাসহ নানা ধরনের সংরক্ষিত ভিডিও অনলাইনে ফাঁস হয়ে গেছে। এর মধ্যে আছে গোপন ও অশ্লীল ভিডিওও।

নিরাপত্তাসহ এত ব্যবহারকারীর চাপ সামাল দেওয়ার মতো সক্ষমতা অ্যাপটির আছে কিনা তা নিয়ে আগেই প্রশ্ন উঠে বিশেষজ্ঞদের মধ্যে।

নিরাপত্তা বিশেষজ্ঞ প্যাট্রিক জ্যাকসন জানান, ক্লাউড স্টোরেজে তিনি অন্তত ১৫ হাজার ভিডিও পেয়েছেন।

ইউটিউব, গুগল এবং ভিমোতে সার্চ দিলেই মিলছে জুম ফাইল। যেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রোগীর সঙ্গে কথা বলছেন এক থেরাপিস্ট। দুজনের মধ্যে ব্যক্তিগত আলাপ চলে এসেছে প্রকাশ্যে, যা তাদের দুজনের জন্য বিব্রতকর এবং স্পর্শকাতর।

তবে এই ব্যাপারে জুমের এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি

বর্তমানে অ্যাপ হিসেবে যুক্তরাজ্যে প্রথম এবং যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে জুম। বিশ্বের বিভিন্ন দেশের সরকার জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বাসায় অবস্থান নিতে বলার পর জুমের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে।

অতীতে নিরাপত্তা ত্রুটি ছিল জুমে। এ রকম ত্রুটির মাধ্যমে সাইবার আক্রমণকারীরা জুম অ্যাপের মিটিং থেকে অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে, ব্যবহারকারীকে ভুয়া মেসেজ পাঠাতে এবং শেয়ারড স্ক্রিন নিজ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতেন। আরেক ত্রুটির মাধ্যমে আবার ম্যাক ব্যবহারকারীদের কল করতে বাধ্য করা হতো তাদের অনুমতি ছাড়াই।