লোহাগড়ায় গ্রামবাসীর দেশীয় অস্ত্র জমা

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট ও গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক বিরোধ নিষ্পত্তির পর দুটি পক্ষ তাদের দেশীয় অস্ত্র  জমা দিয়েছে পুলিশের কাছে।

গতকাল রবিবার দুপুরে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমানের কাছে দুটি গ্রুপের মাতব্বরা ৩৫টি ঢাল ও দেড় শতাধিক সড়কি তুলে দেন। এলাকার উন্নয়নের স্বার্থে আর কোনো মারামারি করবে না বলে উভয়পক্ষ অঙ্গীকার করে।

গন্ডব গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় একটি গ্রুপের মাতব্বর মো. মিরাজ মোল্যা ও আহম্মেদ আলী মোল্য ২০টি ঢাল ও শতাধিক সড়কি জমা দেন পুলিশের কাছে।

এ ছাড়া গন্ডব বটতলায় অপর গ্রুপের মাতব্বর ইউপি সদস্য সলেমান শেখ ১৫টি ঢাল ও প্রায় ৫০টি সড়কি জমা দেন।

দেশীয় অস্ত্র জমাদানকালে জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব বলেন, ‘এলাকায় যাতে উভয়পক্ষ মিলেমিশে থাকে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে চেষ্টাই থাকবে। দ্বন্দ্ব ভুলে সামাজিক সম্প্রীতির মাধ্যমে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই।’