ছবিই বলে আমরা কতটা সুখী: বিবাহবার্ষিকীতে ওয়ার্নার

করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ। ঘরেই বন্দী সময় কাটছে খেলোয়াড়দের। এই বন্দী সময়ে বিবাহবার্ষিকী উদ্‌যাপনে তো আর মানা নেই।

ডেভিড ওয়ার্নারের পঞ্চম বিবাহবার্ষিকী ছিল যেমন শনিবার। করোনার এই সময়ে ওয়ার্নার ঘরে পরিবারকে নিয়েই যে বিশেষ দিনটি কাটিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারকে একটি ছবি পোস্ট করেছেন ওয়ার্নার। যার ক্যাপশনে লিখেছেন আবেগঘন কিছু কথা।

ওয়ার্নার লিখেন, ‘শুভ পঞ্চম বিবাহবার্ষিকী, আমার ভালোবাসা ক্যান্ডি ওয়ার্নার। এই ছবিই বলে আমরা কতটা সুখী, আমাদের ওপর কী নিক্ষিপ্ত হচ্ছে সেটি ব্যাপার নয়।’ ওয়ার্নার হয়তো করোনাময় এই সময়ের কথাটাই বলতে চেয়েছেন।

করোনার এই সময়ে বাড়িতে গৃহবন্দী হয়ে ফিটনেসে মন বসিয়েছেন ওয়ার্নার। ব্যক্তিগত জিমে শরীরচর্চা করছেন। ইনস্টাগ্রামের যার এক ভিডিও পোস্ট করেছেন।

এ ছাড়া পুরোনো কিছু ছবিও দিয়েছেন। স্ত্রী ও পরিবারের সঙ্গে অতীতে যেখানে যেখানে ঘুরতে গিয়েছেন, সেই সব জায়গা ছবি পোস্ট করছেন ওয়ার্নার। স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের সঙ্গে মিয়ামি ঘুরতে যাওয়ার ছবিও পোস্ট করেছেন তিনি।