ভিক্ষুক থেকে শিল্পপতি প্যাকেজে সবার সহায়তা আছে : তথ্যমন্ত্রী

করোনাভাইরাসের ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন তাকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ প্যাকেজের মধ্যে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার জন্য সহায়তা রয়েছে। ফলে এটি সর্বমহলে স্বীকৃত ও অভিনন্দিত হয়েছে। গতকাল রবিবার মন্ত্রী তার সরকারি বাসভবনে ভিডিও কনফরেন্সে এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এ প্যাকেজের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করেছে, সেভাবে করোনাভাইরাস মোকাবিলায়ও পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করতে পারবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবিকাকেও রক্ষা করার জন্য আজ যে ঐতিহাসিক এবং সাহসী ঘোষণা দিয়েছেনÑ এটি আমাদের আশপাশের দেশ এমনকি ভারতের তুলনায় অনেক বড় প্যাকেজ। ভারতে তারা তাদের জিডিপির দশমিক ৮ শতাংশ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর বাংলাদেশে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মোট জিডিপির ২ দশমিক ৫২ শতাংশ। যা ভারতের তুলনায় অনেক বড় প্যাকেজ।

তথ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার কারণে এখনো পর্যন্ত আমাদের দেশে এই ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সব আশঙ্কার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, অন্যান্য শিল্পপতিসহ সবাইকে এই প্যাকেজের আওতায় এনে যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন, তাকে বাংলাদেশের মানুষ সত্যিই প্রশংসা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে শুধু অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন তা নয়, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য বিতরণ ও ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ৩০ লাখেরও বেশি পরিবারের কাছে ৬৮০ কোটি নগদ অর্থ বিতরণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, সর্বাধিক দরিদ্র্যপীড়িত ১০০টি উপজেলায় সকল বয়স্ক ও বিধবাকে ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন।