করোনাভাইরাসের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকটি দেশ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত আনতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
গতকাল রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আবদুল মোমেন বলেন, ‘এই দুর্দিনে কয়জনকে ফেরত আনব তা নিয়ে আমরা আজ বসেছি। বুঝেশুনে বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমরা বিভিন্ন দেশকে চিঠি দিয়ে বলব, আমাদের অসুবিধা, তোমাদেরও অসুবিধা। মানবাধিকার বিষয়টি সামনে এনে এদের তোমরা সাহায্য করেছ, আরও কর। তাহলে আমরা খুশি হব।’
খুব বেশি দেশ প্রবাসীদের ফেরত পাঠাতে আবেদন করেনি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘মাত্র চার পাঁচটি দেশ আবেদন করেছে। কিন্তু জানেন তো আমাদের সংখ্যা তো অনেক বেশি। একটি দেশও যদি হয় অনেক লোক হয়ে যায়।’ তিনি বলেন, ‘কত বাংলাদেশি ফেরত পাঠাতে চায় এখনই সংখ্যা জানাতে চাই না। তবে একটি দেশের কথা বলতে পারি। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন তার দেশে বিপুল বাংলাদেশি কর্মী আনডকুমেন্টেড। এখন যেহেতু তাদের পর্যটন বা রেস্টুরেন্টে কাজ করছে না, তাই শুধু বৈধদের তারা সাহায্য করছে।’
মন্ত্রী বলেন, ‘কিন্তু যারা আনডকুমেন্টেড আছে তাদের কষ্ট হচ্ছে। মালদ্বীপ সেখানে বিদেশি কর্মীদের নিবন্ধন করতে বলেছে। এদের মধ্যে অনেককেই ফেরত পাঠাতে পারে। যেসব দেশ আমাদের জানিয়েছে বাংলাদেশিদের ফেরত না নিলে তাদের অসুবিধায় ফেলবে তাদের কেসটাই আমরা প্রথমে ধরব। মূলত এসব আনডকুমেন্টেড কর্মীর জন্যই হচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন চাপের মুখে আছি। তবে সব দেশই চাপের মধ্যে আছে। সেজন্য এটি বড় সমস্যা নয়, কিন্তু কঠিন সময়ে আছি।’