জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, এক ইউনিয়ন লকডাউন

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে একজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।

এ ঘটনায় ঘোষেরপাড়া ইউনিয়নে মানুষের চলাচল সীমিত করে প্রশাসনের অনুমতি ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নের আক্রান্ত ওই ব্যক্তি গত ২৬ মার্চ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসার পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নমুনা সংগ্রহের রিপোর্টে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ।

৩০ বছর বয়সী ওই যুবক ঢাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। তাকে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের অস্থায়ী করোনা ইউনিটের আইসোলেশনে নিয়ে এসেছে স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হলে রবিবার রাত থেকেই ঘোষেরপাড়া ইউনিয়নে মানুষের চলাচল সীমিত করেছে জেলা প্রশাসন।

প্রশাসনের অনুমতি ছাড়া ওই ইউনিয়নে বাড়ি থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা চরবানিপাকুরিয়া ইউনিয়নের আরও ৩ ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতেও মানুষের চলাচল নিষেধ করে প্রশাসন।