নরসিংদীতে করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন

করোনাভাইরাসের লক্ষণ সন্দেহে নরসিংদীর পলাশে একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের ভাড়ারিয়া পাড়ার বাড়ি লকডাউন ঘোষণা করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী। এ সময় বাড়ির আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী বলেন, ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ার এক বাড়িতে ৬০ বছরের এক নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক ওই বাড়িটি লকডাউন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দলের মাধ্যমে ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান (আইসিডিআর) পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সন্দেহজনক ওই নারী কোনো প্রবাসীর সংস্পর্শে গিয়েছেন কি না তা এখনো জানা যায়নি। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ করা ওই নারী স্বামী, ছেলে ও ছেলের বউসহ দুই শিশু নাতনি নিয়ে ভাড়ারিয়া পাড়ায় বসবাস করে আসছেন। আইসিডিআর এর রিপোর্ট আসলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেনো বাড়ির আশপাশে যেতে না পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহ পুলিশী ব্যবস্থায় করা হবে।