করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তুরস্কের কিংবদন্তি ফুটবলার রুস্তু রেকবারকে। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে সপ্তাহখানেক আগে খবর প্রকাশ হয়। তবে ২০০২ বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করা এই তারকার ভক্তদের জন্য এবার সুখবর। ৪৬ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা গোলরক্ষক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রুস্তু রেকবারের সুস্থ হওয়ার সংবাদটা জানিয়েছেন তার স্ত্রী ইসিল রেকবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেকবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইসিল। ক্যাপশনে লিখেছেন, ১১টা কঠিন দিন পার করার পর আমার স্বামী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।’
এর আগে গত ২৮ মার্চ ইসিল রুস্ত রেকবারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘আপনাদের কোনো একটা সুখের সংবাদ জানাতে পারলে হয়তো ভালো লাগত আমার। কিন্তু সত্যের প্রতি নিষ্ঠাবান থাকতে হচ্ছে আমাকে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আমার স্বামী হাসপাতালে।’
২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠে সবাইকে চমকে দিয়েছিল তুরস্ক। যার পেছনে রেকবারের পারফরম্যান্সের ছিল বড় ভূমিকা। ওই বিশ্বকাপের পর বার্সেলোনা তাকে দলে ভেড়ায়।
যদিও ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত ৪ ম্যাচের বেশি খেলা হয়নি স্প্যানিশ জায়ান্টদের হয়ে। ১৯৯৪ থেকে ২০১২ পর্যন্ত তুরস্কের হয়ে ১২০ ম্যাচ খেলেছেন রেকবার।