ফরিদপুরের সঙ্গে সকল ধরনের পরিবহন যোগাযোগ বন্ধ

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ফরিদপুর জেলার সঙ্গে অন্য জেলার সকল ধরনের পরিবহন যোগাযোগ বন্ধ করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে জারি করা এক নতুন গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার যানবাহন এ জেলা হলে বাইরে যাবে না। পাশাপাশি বাইরে থেকে এ জেলায় প্রবেশ করবে না।

নতুন জারি করা এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সব দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

গণবিজ্ঞপ্তিটি মেনে চলার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।