মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৩ এপ্রিল পর্যন্ত চলমান সাধারণ ছুটির সময় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্রাহক লেনদেন করতে পারবেন। তবে জরুরি বৈদেশিক লেনদেনের জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখায় লেনদেন। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।
গতকাল দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর প্রেক্ষিতে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। লেনদেনপরবর্তী অনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা বেলা ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
সার্কুলারে আরও বলা হয়, ৮ এপ্রিল থেকে জরুরি বৈদেশিক লেনদেনের জন্য ব্যাংক তার স্বীয় বিবেচনায় নির্বাচিত এডি শাখার লেনদেনের সময় এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করতে পারবে। তবে সাধারণ ব্যাংকিং লেনদেন এ আওতার বাইরে থাকবে।