খুলনা ও সিলেটে করোনা পরীক্ষা শুরু

খুলনা ও সিলেটে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রাথমিকভাবে ১৫টি নমুনা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল দুটিতে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে মাত্র ৪ ঘণ্টায় ৯৬টি নমুনা একসঙ্গে পরীক্ষা করে যাবে। পরীক্ষা শেষে প্রাপ্ত ফল ই-মেইলের মাধ্যমে ঢাকায় আইইডিসিআরে প্রেরণ করা হবে। সেখান থেকে প্রতিদিনের

নিয়মিত ব্রিফিংয়ে এই ফল জানানো হবে। দুটি হাসপাতালেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সন্দেহজনক রোগীদের বিনামূল্যে পরীক্ষা করা হবে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেক, সদর হাসপাতাল ও খুলনার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ফ্লু কর্নার স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর লক্ষণ ও উপসর্গ দেখে যাদের করোনাভাইরাস পরীক্ষা করা প্রয়োজন শুধুমাত্র তাদেরই নমুনা পিসিআর মেশিনে পরীক্ষা করা হবে। পরীক্ষায় যাদের পজিটিভ ফলাফল আসবে তাদের বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রস্তুত করা খুলনা ডায়াবেটিক হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।

ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে সংগৃহীত নমুনা এখানে পরীক্ষা করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনেই বিভিন্ন উপজেলা থেকে সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগের টেকনোলজিস্টরা। ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষার ১ হাজারেরও বেশি কিট মজুদ আছে বলে জানান তিনি। করোনাভাইরাস পরীক্ষাগারে কলেজের ৪ জন অধ্যাপক ও ১০ জন টেকনিশিয়ান প্রতিদিন কাজ করবেন।