করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো কোনো মৃত্যু ছাড়া একটি দিন পার করার কথা জানিয়েছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানায়, গত সোমবার মূল ভূখণ্ডে কভিড-১৯-এ কারও মৃত্যু হয়নি। এমনকি স্থানীয়ভাবে কেউ আক্রান্তও হয়নি বলে খবর দিয়েছে এএফপি।
অবশ্য চীনে এদিন নতুন করে ৩২ জন করোনায় আক্রান্তের সন্ধান মিলেছে, তারা সবাই বিদেশফেরত। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে জানুয়ারির শেষ দিকে এনএইচসি করোনায় আক্রান্ত, মৃত্যু ও আরোগ্যের দৈনিক হালনাগাদ তথ্য দেওয়া শুরু করে। এরপর থেকে প্রত্যেক দিনই দেশটি আক্রান্ত ও লাশ গণনা করেছে। কিন্তু সোমবারই প্রথম করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি বলে জানানো হলো।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৪০ জন। এদের মধ্যে মারা গেছে ৩ হাজার ৩৩১ জন এবং সুস্থ হয়েছে ৭৭ হাজার ১৬৭ জন।