জামালপুরের মেলান্দহে মাথাব্যথা, জ্বর ও বমিতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউিনয়নের ভাবকী ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
চরবানিপাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টু জানান, ৩/৪ দিন আগে মেলান্দহ আদিপৈত এলাকার ৪০ বছর বয়সী এক নারী ভাবকী ব্যাপারীপাড়ায় তার আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন।
এরপর ওই নারীর মাথাব্যথা, জ্বর দেখা দেয়। মঙ্গলবার জ্বর, মাথাব্যথার সাথে বমি শুরু হলে বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে একই ইউনিয়নে শিহাটা এলাকার এক যুবক গত ৫ এপ্রিল ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই তার জ্বর, গলাব্যথা দেখা দেয়। এ নিয়ে পুরো ইউনিয়নজুড়ে করোনা আতঙ্ক দেখা দেয়।
এর আগে ঢাকায় এক করোনা রোগীর সংস্পর্শে আসা ৩৫ জন চরবানিপাকুরিয়া ইউনিয়নে আসলে সোমবার বিকেলে ইউনিয়নটি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, ওই নারী করোনাভাইরাসে সক্রামিত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে তার কি ধরনের উপসর্গ ছিল সে বিষয়ে তার জানা নেই বলে তিনি জানান।