তাড়া খেয়ে অটোরিকশা পালানোর সময় কাভার্ডভ্যানের ধাক্কা, নারী শ্রমিকের মৃত্যু

সাভারে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় কাভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পা্ওয়া গেছে।

এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে কাভার্ডভ্যানটিকে আটক করেছে। 

নিহত ওই নারী শ্রমিকের নাম মরিয়ম (৩৫)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকার মানুষ গ্রামের বাসিন্দা।

তিনি সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল-মুসলিম গ্রুপের একেএম নিটওয়্যার লিমিটেড কারখানায় সুইং মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। 

নিহতের সহকর্মী প্রত্যক্ষদর্শী আকলিমা আক্তার জানান, আজকে আমাদের কারখানায় বেতন দেয়ার কথা ছিল। তাই আমরা সবাই কারখানায় যাচ্ছিলাম। মরিয়মও একটি অটোরিকশায় করে কারখানার দিকে যাচ্ছিলেন।  কিন্তু তাকে বহনকারী রিকশাটি গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছালে সড়কে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ অটোরিকশাটিকে থামার জন্য সংকেত দেয়।

এ সময় তাকে বহনকারী অটোরিকশাটি ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে ডানে মোড় নিয়ে সাভার উপজেলার দিকে ঢুকতে চায়।

এ সময় ঢাকা থেকে সাভারগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।