করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

সিলেটে করোনা রোগে আক্রান্ত চিকিৎসকের (৪৫) শ্বাসকষ্টসহ শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকেলে আইসিইউ সুবিধাসংবলিত একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাতে ওই চিকিৎসককে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এসব তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, ওই চিকিৎসকের জন্য গঠিত মেডিকেল বোর্ড ও তার পরিবারের চাওয়ার প্রেক্ষিতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিংবা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে তাকে ভর্তি করার কথা।

করোনা আক্রান্ত ওই চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। এ ছাড়া তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালেও নিয়মিত রোগী দেখতেন। তার বাসা নগরীর হাউজিং এস্টেট এলাকায়। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তিনি প্রায় এক সপ্তাহ আগে হোম কোয়ারেন্টাইনে যান। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা শেষে গত রবিবার নিশ্চিত করা হয় তিনি করোনা আক্রান্ত। তার অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল।