চট্টগ্রামে একটি গুদামে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরো দেড় হাজার খালি বস্তা উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় মুনমুন কমিউনিটি সেন্টারের গলিতে বিসিকের একটি গুদামে অভিযান চালায় পুলিশ। এসব চাল উদ্ধারের পাশপাশি সেখানে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত প্রায় দেড় হাজার খালি চালের বস্তাও পাওয়া গেছে।
সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক জানান, ‘আমরা ২১ বস্তা চাল উদ্ধার করেছি, যাতে প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে’।
মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল আছে। ওই গুদামে কয়েকজন শ্রমিক খাদ্য অধিদপ্তরের সিল লাগানো বস্তা থেকে চালগুলো নিয়ে অন্য সাধারণ বস্তায় ভরছিল। দেখে মনে হয়েছে, এগুলো খোলাবাজারে বিক্রির জন্য ভরছিল।
তিনি আরও জানান, এর সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে ডবলমুরিং থানার পুলিশের এক কর্মকর্তা জানান, পাহাড়তলী চাল বাজারের ফারুক ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান ওই গুদামটি ভাড়া নিয়েছিল। ওই ব্যক্তি খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার। ঘটনাস্থল থেকে ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গুদামে পড়ে থাকা প্রায় দেড় হাজার খালি বস্তা উদ্ধার করা হয়েছে, যেগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল আছে।