করোনা মোকাবিলায় বাগেরহাটে ১৬ অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় মানুষদের ঘরবন্দি রাখতে প্রশাসন কঠোর হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার ১৬টি অভ্যন্তরীণ সড়কে মোটরসাইকেল, অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে।

এছাড়া জেলায় প্রবেশ পথে বাইরের মানুষদের না ঢুকতে নিরুৎসাহিত করছে। গত এক মাসে জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এই জেলার মানুষদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলায় ঢোকার মূল প্রবেশ পথ ঢাকা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মহিষপুরা এলাকায় বাইরের মানুষদের না ঢুকতে চেকপোস্ট বসানো হয়েছে।

অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে অযথা ঘোরাঘুরি করলে তাদের বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে। কথা না শুনলে করা হচ্ছে জরিমানা।

এদিকে, বাগেরহাটের জনগণকে স্বাস্থ্য সচেতন করতে রেড ক্রিসেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটে নিয়মিত কাজ করে যাচ্ছে। তারা হ্যান্ডমাইকে এলাকার সবাইকে অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি না করতে পরামর্শ দিচ্ছেন।

বাগেরহাটের সাধারণ মানুষদের ঘরবন্দি রাখতে জেলায় ৩০টির অধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে সার্বক্ষণিক কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় টহল জোরদার করেছে। শহর, পাড়ামহল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, গত এক মাসে এই জেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। এটা আমাদের জন্য সুসংবাদ। এই অবস্থা ধরে রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।