করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করে চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাস নিয়ে ‘পিকনিকে’ যাওয়া আটজনকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় কর্তব্যরত সেনা সদস্যরা একটি মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা আটজন অসংলগ্ন কথা বলে।
একপর্যায়ে তারা পিকনিকে যাওয়ার কথা জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩৩ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। একই সঙ্গে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
তিনি জানান, মাইক্রোবাসে থাকা ৮ জনের মধ্যে একজন কাপড় ব্যবসায়ী, একজন মাছের আড়তদার, একজন ইটভাটা মালিকসহ তিন ছাত্র ছিলেন।
এদিকে, খাদ্য সামগ্রী পরিবহনের ব্যানার লাগিয়ে যাত্রী যাত্রী বহনের সময় চারজনকে পুলিশ আটক করে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।