‘ভোটের স্লিপ দিয়ে আসতে পারলে সরকারি অনুদান ঘরে ঘরে নয় কেন’

করোনাভাইরাসের এই মহামারির সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার জাতীয় দলের পেসার রুবেল হোসেন। শুধু সচেতনতামূলক বার্তা দিচ্ছেন তা নয়, ত্রাণ নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতেও দেখা গেছে তাকে।

এই সংকটময় সময়ে একদল অসাধু ব্যবসায়ী ফায়দা নেওয়ার চেষ্টা করছেন বলে একহাত নিয়েছিলেন ফেইসবুক পোস্টের মাধ্যমে। এবার সরকারি ত্রাণ বিতরণ নিয়ে দিলেন জ্বালাময়ী বার্তা।

করোনার এই ভয়াবহতার মধ্যে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। যাদের আয়-রোজগার বন্ধ। দ্বারস্থ হতে হচ্ছে অন্যের। বসে থাকতে হচ্ছে ত্রাণের জন্য। কিন্তু ত্রাণ বিতরণের নামে নানা বিশৃঙ্খল ঘটনাও ঘটছে।

সে সব উদ্দেশ্য করেই বৃহস্পতিবার রুবেল তার ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’

বাংলাদেশ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। মৃতের সংখ্যা ২১।