আইপিএল নিয়ে অনিশ্চয়তার কথা শুনালেন রাজীব শুক্লা

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৫ এপ্রিল পর্যন্ত এবারের আইপিএল পিছিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু এই সময়েও বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ মাঠে গড়ানোর তেমন কোনো সম্ভাবনা দেখছেন না আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।

১৫ এপ্রিল শেষ হচ্ছে ভারত জুড়ে চলমান ২১ দিনের লক ডাউন। নতুন সুচি অনুযায়ী এদিনই মাঠে গড়ানোর কথা আইপিএল’র ত্রয়োদশ আসরের। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জানিয়েছেন, লকডাউন তুলে নেওয়ার মতো পরিস্থিতি এখনও এই দেশে আসেনি। তাকে সমর্থন করেছে অনেক রাজ্যই। সেই অবস্থায় কোনো ইভেন্ট হওয়া সম্ভব নয়।

বার্তা এএনআইকে রাজীব শুক্লা বলেন, “আমি কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না, আমাদের প্রাথমিক দায়িত্ব করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে মানুষের জীবন বাঁচানো। সব কিছু নির্ভর করছে সরকারের উপর, তারা কী সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সরকারের সঙ্গে রয়েছি। এই পরিস্থিতিতে যদি মনে করা হয় ১৫ এপ্রিলের পর আইপিএল হবে তাহলে সেটা অসম্ভব।”

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার ৭০০। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮।