করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সারা দেশের ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছে, কেউ ত্রাণের চাল-ডালসহ কোনো সামগ্রী আত্মসাৎ করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে দুদক অবহিত হয়েছে কতিপয় ব্যক্তি জাতির এ ক্রান্তিলগ্নে সরকার প্রদত্ত বিভিন্ন সামাজিক ও নিরাপত্তামূলক কর্মসূচির ত্রাণ বিতরণে অনিয়মদুর্নীতির আশ্রয় নিচ্ছেন।
এমতাবস্থায় কমিশনের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা স্থানীয় জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। কোনো অবস্থাতেই সরকারের সামাজিক ও নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির স্ুেযাগ দেওয়া হবে না। কোনো ব্যক্তি ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘বর্তমান সংকটে সরকারি সহায়তার ক্ষেত্রে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আমি আগেও বলেছি, আজও বলছি সংবিধান অনুযায়ী অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ নেই। দুদক কাউকে এ সুযোগ দেবে না।’ দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ ছুটির মধ্যেই তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। ত্রাণসামগ্রীর অনিয়মের সঙ্গে টিসিবির খোলাবাজারে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎকারীদের দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে, দেশে খাদ্যসংকট ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা করছেন তারা।