করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের কারণে সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর ঘোষণার পর ওইদিন পর্যন্ত তৈরি পোশাক কারখানাও বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে এ খাতের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলার দরকার হলে নিজ নিজ সমিতি ও শিল্প পুলিশকে আগে অবহিত করতে হবে বলে জানিয়েছে সংগঠন দুঞও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই বিজিএমইএ সভাপতি রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে জানানো হয়, সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলোও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।