ঢাকার বাইরে ১০ স্থানে ১৯ জন করোনা আক্রান্ত

ঢাকার বাইরে ১০ স্থানে আরও ১৯ জন করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে রয়েছে দম্পতি, নারী শিশু ও ফার্মাসিস্ট। গতকাল শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় একজনের শরীরে করোনাভাইরাস হয়েছে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদ্য তাবলিগ জামাত থেকে আসা এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে নারায়ণগঞ্জফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ। চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। হাতিয়ায় এক চিকিৎসক ঢাকায় করোনা আক্রান্ত হয়েছে। কিশোরগঞ্জে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন শনাক্ত হয়েছে। মাদারীপুরের শিবচরে করোনাভাইরাসে নতুন করে দুই নারী আক্রান্ত হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরে এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর গাজীপুরের কাপাসিয়ায় একজনের শরীরে করোনাভাইরাস হয়েছে। তার বয়স আনুমানিক ৩৪ বছর। তিনি উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছোঁয়া এগ্রোফিড লিমিটেডের শ্রমিক। ওই কারখানার শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কারখানা এবং পুরো দস্যু নারায়ণপুর গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদ্য তাবলিগ জামাত থেকে আসা এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুুপ নিশ্চিত করেছেন। এই নিয়ে নবাবগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল।

নীলফামারীর সৈয়দপুরে নারায়ণগঞ্জফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ। পরে আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত যুবকের বাড়ি সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের খালিশা বখশিপাড়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি খাবার হোটেলে কর্মরত ছিলেন। গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানান খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী। চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ। তিনি জানান, ওই যুবকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার জন্য লোকজন তার শ্বশুর বাড়িতে রওনা হয়েছে।

এই ঘটনার পর থেকে করোনা আক্রান্ত যুবকের অবস্থান করা শ্বশুর বাড়িতে সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি থেকে কাউকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায়। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. জসিম উদ্দিন জানান, সাজ্জাদ মল্লিক ঢাকায় শাহিন ট্রেডার্স নামক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি গত ২৮ মার্চ মাদারীপুর জেলার শিবচরের পাচ্চর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। হাতিয়ায় এক চিকিৎসক ঢাকায় করোনা আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহে দুই দফায় ৪ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। এরমধ্যে দুজনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের শরীরে করোনার সংক্রমণ নেই। তবে এক চিকিৎসক হাতিয়া থেকে ঢাকায় যাওয়ার পর করোনায় আক্রান্ত হন। হাতিয়া থাকাকালীন তার সংস্পর্শে আসা দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কিশোরগঞ্জে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ জেলায় এর আগে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার একজন মৃত ব্যক্তি করোনাভাইরাস কভিড-১৯ আক্রান্ত ছিলেন। গতকাল নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১ জন ও পাকুন্দিয়া উপজেলার ১ জন। মাদারীপুরের শিবচরে করোনাভাইরাসে নতুন করে দুই নারী আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই নারী, দুই শিশুসহ আরও দুজনকে গতকাল ভোরে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন ৯ জন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা পুনরায় একই পরিবারের তিনজন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম। কুমিল্লার তিতাসে ঢাকাফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের ৫টি গ্রাম বৃহস্পতিবার লকডাউন করেছে তিতাস উপজেলা প্রশাসন। করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরফরাজ খান। টাঙ্গাইলের গোপালপুরে এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। গোপালপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী জানান, ফার্মাসিস্ট রেজাউল করিম বেশ কয়েক দিন ধরে সর্দিজ্বর ও কাশিতে ভুগছিলেন। এতে সন্দেহ দেখা দিলে গত বুধবার সকালে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান। পরীক্ষা শেষে তার কভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।