নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ঢাকা ফেরত নরউত্তম সরকার (৫৫) নামের এক ব্যক্তি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, নরউত্তম কয়েকদিন আগে ঢাকা থেকে ছেলেকে নিয়ে বাড়ি আসেন। এরপর থেকে তার সর্দি-জ্বর দেখা দেয়। শনিবার সকালে শ্বাসকষ্ট হলে দূর সম্পর্কের এক ভাগ্নিসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সকাল সাড়ে ৯টার দিকে। করোনার সন্দেহ হলে সেখানে তার নমুনা সংগ্রহ করেন চিকিৎসক। তবে তাকে ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি রেইনট্রি গাছের নিচে একা পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. নুর মো. শামছুল আলমের নজরে পড়লে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি স্বজনদের খোঁজ করলেও তাদের দেখা পাওয়া যায়নি।
শামছুল আলম জানান, পরে ওই বৃদ্ধের ছেলেদের নম্বর সংগ্রহ করে তাদের হাসপাতালে আসতে বলি। পরে বিকাল ৫টার দিকে ওই ব্যাক্তি মারা যান। তবে কেউ না আসায় ডাক্তাররা নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সে লাশ বাড়ি পাঠান।
এ ব্যাপারে টিএইচও জানান, 'একজন মানুষকে ফেলে চলে যাওয়াটা খুবই দুঃখজনক। কারণ ওই ব্যাক্তি করোনায় আক্রান্ত কি না তা তো প্রমাণ হয়নি। লোকটা রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খারাপ লাগায় জিজ্ঞেস করলাম তার আত্মীয়রা কোথায়। না পেয়ে নিজের গাড়িতেই করে হাসপাতালে নিয়ে রাখি। অবশেষে যেহেতু মারাই গেছেন, রেজাল্ট আসলে সঙ্গে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করা হবে'।