কুয়েত মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত

অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় করোনায় আক্রান্তদের জন্য নির্দিষ্ট করা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার চিকিৎসকদের বরখাস্ত করে আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এই চিকিৎসকদের রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনায় আμান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা হয়েছিল। বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পারভীন ও মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি দিয়ে জানান যে, এই ছয় চিকিৎসক কভিড-১৯ কেন্দ্রে সেবা প্রদান করছেন না। এছাড়া চিকিৎসক, নার্স, তৃতীয় ও চর্তু শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা পদায়ন হওয়া সত্ত্বেও অনেকেই যোগদান করেননি বলেও চিঠিতে জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত আলাদা দুটি আদেশে সংশ্লিষ্ট ৬ চিকিৎসককে বরখাস্তের কথা জানানো হয়।