১৬৮ বস্তা সরকারি চাল জব্দ, আ.লীগ নেতা আটক

বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে কিনে মজুত করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব।

এ সময় অভিযুক্ত দুজনের হেফাজত থেকে ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়। 

শনিবার রাত ১১টায় র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

র‌্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর র‌্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে।

পরে র‌্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করেন।

আটকরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানান, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করে মজুত করেছেন তারা।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আটক দুইজনসহ ডিলারের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।