লালমনিরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন

লালমনিরহাটের একজনের শরীরে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে।

শনিবার বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ওই পোশাক শ্রমিক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে আসেন। ৩৩ বছর বয়সী ওই শ্রমিকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে।

জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

গত ৫/৬ দিন আগে তিনি তার গ্রামের বাড়িতে আসলে তার শরীর জ্বর, সর্দি ও কাশির লক্ষণ দেখা দেয়।

এ অবস্থায় শুক্রবার তার বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখান থেকে শনিবার তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ।

লালমনিরহাট জেলায় এটিই করোনা আক্রান্ত প্রথম রোগী।

গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, করোনা আক্রান্ত ওই রোগী ৪/৫দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। গতকাল রাত থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত গুড়িয়াদহ গ্রামের মোকন্দের পুকুর এলাকা থেকে জাফর মার্কেট পর্যন্ত ৬০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনা পজিটিভ হবার খবর নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে লালমনিরহাট নার্সিং কলেজে স্থাপিত করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।