চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু, চার বাড়ি লকডাউন

চুয়াডাঙ্গার জীবননগরে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া নিয়ে রেহেজান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার হাসদাহ বাসুতিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থানকালে তার মৃত্যু হয়।

করোনাভাইরাস সন্দেহে রাতেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে এ ঘটনায় ওই এলাকা এবং মৃত বৃদ্ধার বাড়ির আশপাশে চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

মৃত রেহেজান বেগম একই উপজেলার খয়েরহুদা গ্রামের পুর্বপাড়ার মৃত আব্দুল লতিফের স্ত্রী।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিন আগে পার্শ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে সর্দি, কাশি, জ¦র ও পাতলা পায়খানাজনিত রোগে আক্রান্ত হয়। সে অবস্থায় গত শুক্রবার জীবননগরের হাসদাহ এলাকায় তার মেয়ের বাড়ি চলে আসেন বৃদ্ধা। পরদিন শনিবার বিকেলে ওইসব উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি তাদের অধীনে নেয়া হয়। সরকারি নিয়মে দাফনকাজ সম্পন্ন করা হয়। করোনা সন্দেহে তার মেয়ের বাড়ি হাসদাহ এলাকা ও তার নিজের বাড়ি খয়েরহুদা গ্রামের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুলিয়াড পারউইন জানান, মৃত্যুর সময় তার দেহে করোনার কয়েকটি উপসর্গের উপস্থিতি ছিল। তাই শনিবার রাতেই তার নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।