চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্বের নির্দেশ নিশ্চিত করতে এবার ব্যাংকে অভিযান চালানো হয়েছে। অভিযানে সতর্ক করার পরও নির্দেশ না মানায় মুন্না ইসলাম (২৭) নামে এক গ্রাহককে আর্থিক জরিমানা করা হয়।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম নগরের ব্যাংকপাড়া খ্যাত আগ্রাবাদ, জিইসি মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর সদস্য এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরাও অংশ নেন।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, অভিযানে ব্যাংকসহ এটিএম বুথের সামনে গ্রাহকদের ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যাংক ম্যানেজারদেরকে নির্দেশনা দেয়া হয়। পরে এসব ব্যাংকের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংক কার্যক্রম করতে গ্রাহকদের সতর্ক করা হয়।
তিনি জানান, এরপরও আগ্রাবাদে প্রাইম ব্যাংকের সামনে একজন গ্রাহককে সতর্ক করার পরও সামাজিক দূরত্ব না মানায় তাকে আর্থিক জরিমানা করা হয়েছে। প্রত্যেক ব্যাংক ম্যানেজারদের সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।