অনুমতি ছাড়াই ৫ লাখ ডলারের আমদানি বিল পরিশোধের সুযোগ

কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই সর্বোচ্চ পাঁচ লাখ ডলার আমদানি বিল পরিশোধ (বুলেট রি-পেমেন্ট) করতে পারবেন আমদানিকারকরা। আগে বুলেট পেমেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো। নিয়ম অনুযায়ী, প্রতি তিন মাস অন্তর আমদানি বিল পরিশোধ করতে হয়। এটি এককালীন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল রবিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব অথরাইজ ডিলারের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি সামাল দিতে আমদানিকারকদের বুলেট রি পেমেন্টের শর্ত সহজ করা হলো।

এতে আরও বলা হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই পাঁচ লাখ ডলার পেমেন্ট করতে পারবেন আমদানিকারকরা। এর মেয়াদ হবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম।