করোনাভাইরাসের সংক্রমণ ঠোকাতে বিদেশফেরতদের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়েছে চীন। দেশটির হারবিন শহরে আসা বিদেশফেরতদের এখন থেকে থাকতে হবে ২৮ দিনের কোয়ারেন্টাইনে।
শহরটির কর্তৃপক্ষের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে আগে বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হলেও বেশ কয়েকজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ২৮ দিনের জন্য কোয়ারেন্টাইনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাশিয়ার সীমান্তবর্তী চীনের হেইলংজিয়াং প্রদেশের এই রাজধানী শহরে যারাই প্রবেশ করবে তাদের প্রমে ১৪ দিনের জন্য একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হবে, তারপর তাদের আরও ১৪ দিনবাড়িতে অবস্থান করতে হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এ সময়ে তাদের প্রত্যেকের দুটি নিউক্লিক এসিড পরীক্ষা ও একটি অ্যান্টিবডি পরীক্ষা করা হবে।
এছাড়া কোনো আবাসিক ইউনিটে করোনাভাইরাসের কোনো রোগী বা বাহক শনাক্ত হলে নগর কর্তৃপক্ষ ওই এলাকাটি ১৪ দিনের জন্য লকডাউন করে দেবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।