১৩ দেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেবে ভারত

বাংলাদেশসহ ১৩টি দেশকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) ট্যাবলেট দেবে ভারত। দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল, বাহরাইন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ। এইচসিকিউ ট্যাবলেটটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছু মাত্রায় কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশকে ২০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। গতকাল রবিবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। কিন্তু তাদের ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট দেওয়া হবে। দেশটিকে ৯ টন কাঁচামালও সরবরাহ করবে ভারত। ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে  দ্বিতীয় চালানে। প্রম চালানে ব্রাজিলকে ০.৫৩ টন কাঁচামাল (এপিআই) দেওয়া হবে।

দক্ষিণ এশিয়ার নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট। দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। প্রম চালানে দেশটি ১.৫ টন কাঁচামাল পাচ্ছে। এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক। সূত্র জানায়, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ টন কাঁচামাল সরবরাহ করবে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচসিকিউ ট্যাবলেট সরবরাহের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত চিরদিন মনে রাখবে যুক্তরাষ্ট্র। ক্লোরোকুইন ট্যাবলেট প্রদানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।